ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সৌদি আরবকে বড় ধরনের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবকে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ বুধবার (১৬ মার্চ) গণভবনে সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।


তিনি জানান, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, সৌদি আরবের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন সুবিধা কাজে লাগাবেন।


এসময় প্রধানমন্ত্রী বলেন, বিশেষ অর্থনৈতিক জোনে সৌদি বিনিয়োগকারীদের জন্য জমি বরাদ্দসহ তাদের সহযোগিতা জোরদারে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।


তিনি আরও বলেন, তার সরকার দেশব্যাপী ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। শেখ হাসিনা সৌদি আরবের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।


তিনি বলেন, অনেক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হয়েছে। সহযোগিতার মধ্যে রয়েছে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষা খাত।


বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের অনেক কোম্পানি বাংলাদেশের জ্বালানি খাতে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।


তিনি আরও বলেন, বহু বাংলাদেশি কর্মী বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখছেন।


এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑